দিনাজপুরে বিআরটিসি শ্রমিক ও সাধারণ শ্রমিকদের সংঘর্ষে আহত ৬
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে -সমকাল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ০৮:৪৮
বিআরটিসির দোতালা বাস চলাচলকে কেন্দ্র করে দিনাজপুরে বিআরটিসি শ্রমিদেরর সঙ্গে সাধারণ পরিবহন শ্রমিকদের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, কয়েকদিন আগে দিনাজপুরে ৬টি বিআরটিসির দোতালা বাস আসে। যেগুলো চলাচল করবে দিনাজপুর-পঞ্চগড় ও দিনাজপুর-রংপুর রুটে। বৃহস্পতিবার দুপুরে ওই বাসগুলো চলাচলের জন্য জেলা প্রশাসন অনুমতি প্রদান করে। পরে বিকেল ৩টার দিকে দিনাজপুর থেকে রংপুরে যাওয়ার জন্য একটি দোতালা বাস ছাড়লে রাস্তার মধ্যে বাধা দেয় সাধারণ পরিবহন শ্রমিকরা। এ সময় বিআরটিসি বাসের শ্রমিকরা সেখানে আসলে উভয়পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি মিমাংসা করা হলেও সন্ধ্যায় আবারও এই নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষের শ্রমিকরা। সংঘর্ষে বাসের সুপারভাইজার আসাদ ইসলাম, নিরাপত্তা প্রহরী সলিমউদ্দিন, বাবুল মিয়াসহ কমপক্ষে ৬জন শ্রমিক আহত হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আসাদ ইসলামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর কোতয়ালী থানার পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর দিনাজপুর থেকে বিআরটিসি বাস আর ছেড়ে যায়নি।
দিনাজপুর কোতয়ালী থানার এসআই আসাদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিআরটিসি বাস ছাড়তে দেওয়া হবে না।
- বিষয় :
- দিনাজপুর
- বিআরটিসি
- দু’পক্ষের সংঘর্ষ
