গোদাগাড়ীতে ক্রিকেট খেলা নিয়ে কলেজছাত্র খুন
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:০৮
রাজশাহীর গোদাগাড়ীতে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে শান্ত নামে এক কলেজছাত্রকে খুন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের কদমশহর মোড়ে এ ঘটনা ঘটে।
কদমশহর গ্রামের আবু সাঈদের ছেলে তিনি। ঘাড়ে ছুরিকাঘাতে শান্তর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার জমজ ভাই স্বপনও (১৮) আহত হয়েছেন। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন শান্ত। শান্ত পবা উপজেলার দামকুড়া কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন। তার ভাইও একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হক বলেন, বৃহস্পতিবার বিকেলে ক্রিকেট খেলা নিয়ে মাঠে শান্ত ও স্বপনের সঙ্গে একই এলাকার আজিবুর রহমানের ছেলে সাজেদুল ইসলাম সাজুর কথা কাটাকাটি হয়। খেলা শেষে সন্ধ্যায় সবাই মোড়ে আসে। সেখানে খেলা নিয়ে তাদের আবার কথা কাটাকাটি শুরু হয়। এ সময় সাজুর বড় ভাই মাজিদুল ইসলাম মাজু গেলে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে দুই ভাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান। পথে শান্তর মৃত্যু হয়।
এ বিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, শান্তর ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ কারণে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। তার ভাই হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে গোদাগাড়ী থানার ওসি খাইরুল ইসলাম জানান, নিহত শান্তর মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে। কীভাবে ঘটনা ঘটেছে সেটা ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন তিনি। এ ঘটনার সঙ্গে জড়িত হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
