যশোরে জেএমবির শিশু সদস্যের ২২ বছর কারাদণ্ড
যশোর অফিস
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৪১
যশোরের বহুল আলোচিত অস্ত্র ও বিস্ফোরক মামলায় জেএমবির শিশুসদস্য শহিদুল্লাহকে ২২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার শিশু আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মাহমুদা খাতুন আলাদা রায়ে এ সাজা দেন।
শহিদুল্লাহ বাগেরহাট মোল্লাহাটের গড়কা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি এম ইদ্রিস আলী। সাজাপ্রাপ্ত শহিদুল্লাহ কারাগারে আটক আছে।
২০০৩ সালে ৯ মার্চ ঝিকরগাছার মাটিকুমড়া গ্রামে জাহিদুল ইসলাম সুমন ও শহিদুল্লাহ নামে দু'জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু'টি দেশি পিস্তল, ৭টি গুলি, ৬৫টি গুলির খোসা, ৭টি সুইচ লাগানো তাজা বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে স্বীকার করেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা।
বিশেষ পিপি এম ইদ্রিস আলী জানান, অভিযুক্ত শহিদুল্লাহ শিশু হওয়ায় নথি বিভাজন করে তার বিচার আলাদা করা হয়। এ মামলার দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অস্ত্র মামলায় শহিদুল্লাহকে ১৭ বছর সশ্রম কারাদণ্ড এবং বিস্ফোরক মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।
- বিষয় :
- কারাদণ্ড
- জেএমবি সদস্য
- যশোর
