ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে মুক্তামনি

পা দিয়ে লিখে পিইসি পরীক্ষা দিচ্ছে মুক্তামনি
×

পা দিয়ে লিখছে মুক্তামনি -সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১০:৪২

পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিচ্ছে অদম্য শিশু মুক্তামনি (১২)। বিদ্যুৎস্পর্শে তার দুই হাত পুড়ে যাওয়ায় চিকিৎসকরা কাঁধের নিচ থেকে হাতদুটো কেটে ফেলেন। 

মুক্তামনি যখন তৃতীয় শ্রেণিতে পড়ত, তখন তার জীবনে নেমে আসে এমন মর্মান্তিক পরিণতি। তবে শিক্ষায় তার প্রবল আগ্রহের কাছে পরাজিত হয়েছে শারীরিক প্রতিবন্ধিতা। বরিশালের হিজলার পত্তণীভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে মুক্তামনি। সে একই বিদ্যালয়ের শিক্ষার্থী। পূর্ব পত্তণীভাঙ্গা গ্রামের সেন্টু সরদার ও ঝুমুর বেগমের মেয়ে মুক্তামনি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম জানান, মুক্তামনি কাটা হাত নিয়ে তার বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়। ডান পায়ের আঙ্গুলের ফাঁকে কলম আটকে স্বাভাবিক গতিতে লিখতে পারে সে।

দরিদ্র পরিবারের সন্তান মুক্তামনির মা ঝুমুর বেগম গামেন্টস কর্মী। মুক্তামনির ছোট এক বোন আছে। বাবা সেন্টু সরদার তেমন খোঁজখবর নেন না বলে জানান ঝুমুর। 

তিনি বলেন, সন্তানদের নিয়ে ঢাকায় থাকতেন। হাত কেটে ফেলায় মুক্তামনি ডান পা দিয়ে লেখার অভ্যাস করে। নিজের সামান্য আয়ে দুই মেয়েকে পড়াশোনা করাতে কষ্ট হয়। তারপরও মেয়েদের আগ্রহের কারণে পড়াশোনা চালিয়ে নিচ্ছেন। মেয়েদের উচ্চশিক্ষিত করতে তিনি সরকারি সহায়তা প্রত্যাশা করেন। মুক্তামনি বড় হয়ে শিক্ষক হতে চায়।

আরও পড়ুন

×