শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস খুবি প্রশাসনের
শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছে খুবি প্রশাসন -সমকাল
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১১:০৩
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে উপাচার্য বরাবর জমা দেওয়া পাঁচ দফা দাবির মধ্যে যৌক্তি দাবিগুলো মেনে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা সমাধানের আশ্বাস দিয়েছে প্রশাসন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ১টায় খুবি প্রশাসনের পক্ষ থেকে ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর আবেদনকারী শিক্ষার্থীদের একাংশের কাছে স্মারকলিপির বিষয়গুলোর জবাব দেয়।
এসময় প্রশাসনের পক্ষ থেকে সল্পমেয়াদি সময়ের মধ্যে নিরসন করা সম্ভব এমন দাবিগুলো মেনে নিয়ে তা নিরসনের আশ্বাস দেন। এর মধ্যে রয়েছে ২৪ ঘন্টা ডাক্তারি সেবা প্রদান, ডিসেম্বরে রোটারি ভবনে স্বাস্থ্যকেন্দ্র স্থানান্তর, ঔষুধের পরিমাণ বৃদ্ধি, রাত ৮.৩০ পর্যন্ত লাইব্রেরি খোলা রাখা, লাইব্রেরিতে কার্ড ছাড়া পড়ার জায়গা সম্প্রসারণ, লাইব্রেরি কার্ড করার মেয়াদ বৃদ্ধি করা, ডিসিপ্লিনের মাধ্যমে বইয়ের তালিকা পাঠিয়ে লাইব্রেরি সমৃদ্ধকরণ, ডিসেম্বরে পরিবহন পুলে নতুন দুটি বাস সংযোজন, কর্মচারিদের বাসে শিক্ষার্থীদের বসার সুযোগ ও কর্মচারিদের আন্তরিকতা বৃদ্ধি, বাসের রুট বৃদ্ধি, ড্রেনেজ ব্যবস্থা উন্নত করে খেলার মাঠের উন্নয়ন করা, হলগুলোর খাবার মান বৃদ্ধি ও আরো আন্তরিক হওয়া, জানুয়ারি থেকে রেজিষ্ট্রেন প্রক্রিয়া ডিজিটালে রুপান্তর করণ, বছরে অন্তত একবার সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা, দ্রুততম সময়ের মধ্যে চলমান নিমার্ণ প্রকল্পগুলো শেষ করতে প্রশাসনকে আরো কার্যকর হওয়া।
এছাড়া শিক্ষার্থীদের আবেদনগুলোর মধ্যে ইমপ্রুভমেন্ট দেওয়ার সুযোগ চালু করা এবং বেতন ফি কমানো হবে কিনা তা বিবেচনায় আনা হবে।
আবেদনকারী শিক্ষার্থীদের মধ্যে হাজরা আল আমিন জানান, প্রশাসনের জবাবের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আশাবাদী যে অতিদ্রুততম সময়ের মধ্যে আমাদের চলমান সংকটগুলো নিরসন করা হবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন বলেন, শিক্ষার্থীদের দাবিকৃত বিষয়গুলোর অধিকাংশ চলমান সিস্টেমেই সমাধান হয়ে যাওয়ার কথা। তাছাড়া তাদের উত্থাপিত সকল দাবি-দাওয়ার তথ্যগুলো শতভাগ সঠিক নয়। তবে আমরা সর্বাত্মক চেষ্টা করছি আলোচনার মাধ্যেমে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিরসন করার।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর শিক্ষার্থীদের জমা দেওয়া স্মারকলিপিতে আবাসন সংকটের তীব্রতা, বেতন ফিস অস্বাভাবিক হারে বৃদ্ধি, প্রাথমিক চিকিংসা ও স্বাস্থ্যের উৎকর্ষ সাধনে অব্যবস্থাপনা, অগ্রাধিকারের ভিত্তিতে অবকাঠামো নির্মাণ না হওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছতাসহ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়ন না করা, ছাত্র-বিষয়ক নানাবিধ ব্যবস্থাপনার ক্ষেত্রে ও সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের অর্ন্তভুক্তকরণ এবং অবহিতকরণ না করার অভিযোগ তুলে এসব সমস্যা সমাধানের দাবি জানানো হয়।
- বিষয় :
- খুলনা বিশ্ববিদ্যালয়
- খুবি
