সিলেটে বিআরটিসির বাস বন্ধের দাবিতে ধর্মঘটের হুমকি
ফাইল ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ১১:১৫
সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধ না করলে আগামী বুধবার থেকে সিলেট জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে বিআরটিসি বাস বাড়ানোর দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতারা।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবীর পলাশ, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, সাধারণ সম্পাদক মো. রাকিব উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৯ নভেম্বর থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে কোনো আলোচনা ছাড়াই বিআরটিসি বাস চালু করা হয়। এই দোতলা বাস সার্ভিস চালুর ফলে সিলেটের পরিবহন মালিক ও শ্রমিকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাস সার্ভিস বন্ধ করা না হলে সিলেট জেলা পরিবহন সেক্টর অস্থিতিশীল হয়ে উঠবে।
এ ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সমকালকে বলেন, আমরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছি। দাবি মানা না হলে আমাদের কর্মসূচি চালিয়ে যাব।
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কে আরও ১০টি বিআরটিসি বাস বরাদ্দের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের কাছে এই স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক একটি পর্যটন এলাকা হিসেবে সমৃদ্ধি লাভ করেছে। এ মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও বর্তমানে তিনটি বিআরটিসি বাস চলাচল করছে, যা যাত্রীদের জন্য পর্যাপ্ত নয়। তাই আরও ১০টি বিআরটিসি বাস বরাদ্দ করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজাদ, সাধারণ সম্পাদক আপ্তাব আলী, সাবেক চেয়ারম্যান আনা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আখিল চন্দ্র বিশ্বাস, সহপ্রচার সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।
- বিষয় :
- সিলেট
- বিআরটিসি বাস
