লক্ষ্মীপুরে 'গণপিটুনিতে' নিহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২১ নভেম্বর ২০১৯ | ২১:৩৭ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০০:৪৭
লক্ষ্মীপুরের রায়পুরে ডাকাতির সময় গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার বামনী ইউনিয়নের সাগরদী গ্রামের এ ঘটনার সময় আহত আরও পাঁচজনকে আটক করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম সোহেল। তার মৃতদেহ রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আহত কাউছার, মমিন, মিরাজ, সুমন ও ইব্রাহীমকে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর রাতে স্থানীয় জব্বার আলী বেপারি বাড়ির প্রবাসী মনিরের বসতঘরে ডাকাতি করতে ঢোকে একদল ডাকাত। এ সময় লোকজন চিৎকার করলে আশেপাশের মানুষ ডাকাতদের ঘেরাও করে ছয়জনকে ধরে পেলেন। এসময় তাদেরকে গণপিটুনি দেয় জনতা। এতে গুরুত্বর আহত হন ডাকাতরা।
পরে ডাকাতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক চাঁদপুরের হাইমচরের বাসিন্দা সোহেল মৃত ঘোষণা করেন। ডাকাতদের কাছ থেকে দুইটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতিকালে ছয় ডাকাতকে গণপিটুনি দেয় জনতা। খবর পেয়ে পুলিশ এসে তাদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।
তিনি জানান, আহতদের পুলিশি হেফাজতে চিকিৎসা চলছে। ডাকাতদের কাছ থেকে দুইটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
- বিষয় :
- লক্ষ্মীপুর
