কলারোয়া সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণ জব্দ
জব্দকৃত সোনার বার- সমকাল
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ০০:৩০ | আপডেট: ২২ নভেম্বর ২০১৯ | ০২:২০
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তে ভারতে পাচারকালে চার কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকালে বিজিবির একটি টহল দল এসব সোনা জব্দ করে।
ভরি হিসাবে জব্দকৃত এসব সোনার ওজন চারশ’ ভরি। বর্তমান বাজারে যার আনুমানিক মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা।
উপজেলার সীমান্তবর্তী কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার ওলিউল্লা সমকালকে জানান, বিজিবির টহল দলটি সীমান্তবর্তী কাকডাঙ্গা এলাকায় টহলরত ছিল। এ সময় কাকডাঙ্গা সড়ক দিয়ে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় দুই ব্যক্তি বিজিবি সদস্যদের দেখে মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলে থাকা একটি ব্যাগ খুলে ৩১টি স্বর্ণের বার বের করা হয়। এর ওজন চারশ’ ভরি।
তিনি জানান, স্বর্ণ পাচারকারীদের গ্রেফতার করতে পারেনি বিজিবি। পরে ওই স্বর্ণ সাতক্ষীরায় বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সদর দফতরে জমা দেওয়া হয়।
বিজিবি’র ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- বিষয় :
- কলারোয়া
- সাতক্ষীরা
- স্বর্ণ জব্দ
- বিজিবি
