শেবাচিমের আরটি পিসিআর ল্যাব ফের বন্ধ
বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২১ | ০৯:১৫
মাস না পেরোতেই ফের বন্ধ হয়ে গেছে করোনাভাইরাস শনাক্তে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) স্থাপিত ল্যাবটি। গত শুক্রবার রাতে ল্যাবের রিয়েল-টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটি পিসিআর) মেশিনটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়।
এর আগে গত ৩ ডিসেম্বর পিসিআর মেশিনটিতে ত্রুটি দেখা দিলে ঢাকা থেকে সচল করে নেওয়া হয়।
শেবাচিমের অধ্যক্ষ এইচ এম সারওয়ার বলেন, বিষয়টি ল্যাবের দায়িত্বশীলরা তাকে জানিয়েছেন। এ জন্য করোনার নমুনা পরীক্ষায় কিছুটা বিঘ্ন ঘটছে। তবে বিভাগের ভোলাতে একটি পিসিআর ল্যাব আছে। তা ছাড়া এর আগে যখন শেবাচিমের পিসিআর বিকল হয়, তখন বরিশালের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল।
ল্যাবের প্রধান সহকারী অধ্যাপক এ কে এম আকবর জানান, শুক্রবার রাত ৯টার দিকে ১৮৮টি নমুনা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় মেশিনটিতে ত্রুটি দেখা দেয়। এজন্য আপাতত ল্যাবটি বন্ধ রাখা হয়েছে। ত্রুটি সংশোধন করতে মেশিনটি ঢাকায় পাঠাতে হবে।
