মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০১৯ | ২২:৪১
মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় মুক্তার মোল্লা (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আওয়ামী লীগ কর্মী মুক্তার মোল্লা ওই গ্রামের জল্লিল মোল্লার ছেলে।
উপজেলার বাবুখালী ইউনিয়নের শিবরামপুর গ্রামে শনিবার সকালে এই ঘটনা ঘটে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা (পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার) তারিকুল ইসালাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মোল্লা ও মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মোল্লা বংশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। অন্যদিকে মৃধা গোষ্ঠি বিএনপির রাজনীতি করলেও সম্প্রতি সামাজিকভাবে তারা স্থানীয় আওয়ামী লীগের একটি গ্রুপের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। সামাজিক এ বিরোধ নিয়ে ক’দিন ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছে। এর জেরে আজ সকালে একটি বিরোধপূর্ণ জমির গাছকাটা নিয়ে মৃধা বংশের লোকেরা পারশ্ববর্তী ঘুল্লিয়া গ্রামের আজহার শিকদারসহ তাদের সামাজিক দলভুক্ত একটি গ্রুপ নিয়ে শিবরামপুর গ্রামে মুক্তার মোল্লার বড়িতে গিয়ে তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান বলেন, ধারালো অস্ত্রের আঘাতে মুক্তার হোসেনের মৃত্যু ঘটেছে।
মহম্মদপুর থানার ওসি তারক নাথ বিশ্বাস জানান, ঘটনার পর উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া ও বাড়িঘর লুটপাটের চেষ্টা চালায়। একপক্ষ প্রতিপক্ষের একটি বাড়িতে আগুন দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় ফাঁড়ি ও মহম্মদপুর থানা পুলিশ কাজ করছে। পাশাপাশি মাগুরা থেকে অতিরিক্ত রির্জাভ পুলিশ আনা হচ্ছে।
- বিষয় :
- মাগুরা
- কুপিয়ে হত্যা