ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৫ বন্ধুর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ

৫ বন্ধুর বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ
×

প্রতীকী ছবি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৫:৪৫

মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে পিরোজপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার রাতে পাঁচ বন্ধু মিলে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ; যাদের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার দুই বন্ধু হলেন- পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বাদল সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্বরূপকাঠির বাবাহীন মেয়েটি তার মায়ের সঙ্গে পিরোজপুর শহরে বসবাস করেন। শুক্রবার রাতে পাঁচ বন্ধু মিলে একটি স্থানে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করে। শনিবার সকাল ৭টার দিকে নির্যাতনের শিকার তরুণী থানায় এসে কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে ধর্ষণের কথা জানান।

ওসি জানান, পুলিশ অভিযান চালিয়ে শনিবার শুভ ও বেলালকে ঘটনাস্থলের আশেপাশের এলাকা থেকে গ্রেফতার করে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×