প্রেমিকের সঙ্গে ঝগড়া করে কিশোরীর আত্মহত্যা
ছবি: গুগল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৬:২৭ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৭:০১
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের সঙ্গে ঝগড়া করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের নন্দলালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মৌসুমি খাতুন (১৪) নন্দলালপুর গ্রামের মকবুল হোসেনের মেয়ে। সে স্থানীয় ওয়ারেছিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
মৌসুমির পরিবার ও প্রতিবেশীদের বরাতে পুলিশ জানায়, সকালে প্রেমিক আলামিনের সঙ্গে ঝগড়া করে বাড়িতে এসে ঘরের দরজা লাগিয়ে দেয় মৌসুমি। পরে তার মা অনেক ডাকাডাকি করলেও দরজা না খোলায় প্রতিবেশীদের ডাক দিলে তারা এসে দরজা ভেঙ্গে ফেলেন।
এ সময় মৌসুমিকে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না প্যাচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে নামিয়ে ডাক্তারের কাছে নেওয়ার পথে সে মারা যায়। বিকেল ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং প্রেমিক আলামিনকেও আটক করে থানায় নিয়ে আসা হয়।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম আলী সমকালকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- মেয়েটি আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিক আলামিনকে থানায় নিয়ে আসা হয়েছে।
- বিষয় :
- শাহজাদপুর
- সিরাজগঞ্জ
- কিশোরীর আত্মহত্যা
- আত্মহত্যা