ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

১১ দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা

১১ দাবিতে খুলনায় পাটকল শ্রমিকদের কর্মসূচি ঘোষণা
×

ফাইল ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৮:০১

মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে ছয় দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিক নেতারা। শনিবার সকালে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯টি পাটকলে আলাদা গেট সভা ও বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোমবার সকাল ৯টায় ভুখা মিছিল, ২৭ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিল গেটে প্রতীকী অনশন, ২ ডিসেম্বর ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, ৩ ডিসেম্বর ভোর ৬টা থেকে পর দিন ভোর ৬টা পর্যন্ত পাটকলে ধর্মঘট ও বিকেল ৪টায় সব গেটে সভা, ৮ ডিসেম্বর আমরণ অনশনের সমর্থনে গেট সভা এবং শপথগ্রহণ, ১০ ডিসেম্বর সকাল ৮টা থেকে শ্রমিকদের পরিবার-পরিজন নিয়ে সব মিল গেটে আমরণ গণঅনশন।

পৃথক সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মুরাদ হোসেন, প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন, হুমায়ুন কবির খান, দ্বীন মোহাম্মদ, শেখ মো. ইব্রাহিম প্রমুখ।

ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাবেক সভাপতি মুরাদ হোসেন জানান, শ্রমিকদের ১০ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। নিয়মিত মজুরি না পেয়ে পাটকল শ্রমিকরা চরম দুর্ভোগে রয়েছেন। আর্থিক সংকটে দিশেহারা হয়ে পড়েছে অনেক পরিবার। সন্তানদের লেখাপড়াসহ নিত্যদিনের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন বলেন, শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সে কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুন

×