বরিশালে বিএনপি নেতা আকন কুদ্দুস গ্রেপ্তার
আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৮:৪৩
বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরীর নাজিরেরপুল থেকে তাকে গ্রেপ্তার করেন কোতোয়ালি মডেল থানার এসআই সমীরন মণ্ডল। তিনি সমকালকে জানান, ২০১৩ সালে মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি আকন কুদ্দুসুর রহমান। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
ওই বছরের ২৭ নভেম্বর শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামী করে মামলাটি দায়ের করেছিলেন বিমানবন্দর থানার তৎকালীন এসআই আবুল খায়ের।
এসআই সমিরন মন্ডল জানান, গ্রেফতারের পরপরই আকন কুদ্দুসুর রহমানকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পলি আফরোজের আদালতে নেওয়া হলে তিনি কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আকন কুদ্দুসুর রহমান শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সভায় অংশ নেন। তার সঙ্গে থাকা বিএনপি দলীয় সাবেক সাংসদ আবুল হোসেন খান জানিয়েছেন, প্রতিবাদ সভা শেষে বাসায় ফেরার পথে আকন কুদ্দুসকে গ্রেফতার করা হয়।
- বিষয় :
- বিএনপি নেতা
- গ্রেপ্তার
- বরিশাল
