ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বগুড়ায় ঘোড়ার মৃত্যুতে ময়নাতদন্ত

বগুড়ায় ঘোড়ার মৃত্যুতে ময়নাতদন্ত
×

ফাইল ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ০৮:৪৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ০৯:৪৬

বগুড়ায় ঘোড়ার মৃত্যুতে ময়নাতদন্ত করা হয়েছে। শনিবার বগুড়া শহরের হরিগাড়ি এলাকায় ঘোড়ার মালিকের বাড়িতে বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম আলী সেখ মৃত ঘোড়ার ময়নাতদন্ত করেন।

পুলিশ জানায়, হরিগাড়ি এলাকায় ঘোড়ার গাড়ির (টমটম) চালক জামাত আলীর সঙ্গে প্রতিবেশি আব্দুল হান্নানের জমি নিয়ে বিরোধ চলছে। এর জের ধরে জামাত আলী থানায় অভিযোগ করলে বগুড়া সদর থানা থেকে রোববার দু’পক্ষকে নিয়ে বসার কথা জানানো হয়। কিন্তু তার আগেই শুক্রবার দুই পক্ষ আবারও বিরোধে জড়িয়ে পড়ে এবং একে অপরের বিরুদ্ধে মারপিটের অভিযোগ করেন। 

জামাত আলীর জামাতা হেলাল উদ্দিন অভিযোগ করেছেন, প্রতিপক্ষ আব্দুল হান্নানসহ তার লোকজন শুক্রবার রাতে তার শ্বশুড়ের বাড়িতে হামলা চালায়। তারা তার শ্বশুড় জামাত আলীর ঘোড়াকেও মারপিট করে। এক পর্যায়ে তারা ঘোড়ার খাবারে বিষ প্রয়োগ করে। এরপর শনিবার সকালে ঘোড়ার মৃত্যু হয়। ওই ঘটনায় বগুড়া সদর থানায় জিডি করা হয়েছে। 

তবে আব্দুল হান্নানের পক্ষের লোকজন ওই অভিযোগ অস্বীকার করে বলেছেন, জামাত আলীর লোকজন উল্টো তাদের ওপর হামলা চালিয়েছে। ওই ঘটনায় তাদের পক্ষ থেকে থানায় পাল্টা অভিযোগ করা হয়েছে দাবি করে বলা হয়, জামাত আলীর ঘোড়া রোগাক্রান্ত ছিল। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন ছিলিপুর পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর আব্দুল আজিজ মন্ডল জানান, ঘোড়াকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে-এমন অভিযোগ পাওয়ার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত হয়। এজন্য বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম আলী সেখকে ডাকা হয়।

বগুড়া সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেলিম আলী সেখ জানান, শনিবার বিকেল ৩টার দিকে মৃত ঘোড়ার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এরপর তাকে মাটিতে পুঁতে রাখা হয়। 

তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেতে মাস খানেক সময় লাগবে। প্রতিবেদন হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে ঘোড়াকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে নাকি তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×