ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিক্ষোভ সমাবেশ পণ্ড

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০

নোয়াখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২০
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১০:২৪

নোয়াখালীতে পুলিশের বাধায় বিএনপির পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে। শনিবার সকালে নোয়াখালী প্রেসক্লাব-জেলা জজ আদালত সড়কে এ সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশ শুরু হওয়ার ৩০ মিনিট আগে পুলিশ তাতে বাধা দেয় ও একপর্যায়ে লাঠিচার্জ করে। 

এ সময় সংঘর্ষে চার পুলিশ সদস্য ও বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে বিএনপির দাবি, দলের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দিদার হোসেনসহ তিনজনকে আটক করেছে সুধারাম পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান জানান, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল ১১টার দিকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে নোয়াখালী আসেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সকাল ১০টার সময় টাউন হল মোড় ও পাঁচ রাস্তার মোড় এলাকা থেকে বিএনপির দুটি মিছিল সমাবেশস্থলে আসার পথে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থলে যেতে চাইলে সংঘর্ষ বাধে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে এলোপাতাড়ি লাঠিচার্জ করে। বিএনপি নেতাকর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। দফায় দফায় এ সংঘর্ষে দুই কর্মকর্তাসহ চার পুলিশ এবং বিএনপির ২০ নেতাকর্মী আহত হন। আহত বিএনপি নেতাদের মধ্যে চাটখিল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান সামছুল আরিফিন শামীম, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, যুবদল নেতা রুবেল ও মনছুর আহম্মেদের অবস্থা গুরুতর।

পুলিশের ওপর হামলার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোনাইমুড়ীর পিতাম্বরপুর গ্রামের দিদার হোসেন, পূর্ব চরমটুয়া গ্রামের যুবদল নেতা রমজান আলী ও বেগমগঞ্জের অনন্তপুর গ্রামের ছাত্রদল নেতা রায়হানুল হাসানকে আটক করে পুলিশ।

এ ঘটনার প্রতিবাদে আবদুল্লাহ আল নোমান বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহানের ফকিরপুরের বাসভবনে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ করেন। এতে বক্তব্য দেন আবু নাছের, সলিম উল্লা বাহার হিরন, শহিদুল ইসলাম কিরন, নুরুল আমিন খান, মঞ্জুরুল আজিম সুমন ও আজগর উদ্দিন দুখু।

জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে পুলিশ এলোপাতাড়ি লাঠিচার্জ করে সমাবেশ পণ্ড করে দেয়।

এ অভিযোগ অস্বীকার করে সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন বলেন, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশের ওপর হামলা চালিয়েছে। এতে দুই কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বিনা অনুমতিতে বিএনপি নেতাকর্মীরা শহরে বিক্ষোভ সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করেছিল। বিএনপির সমাবেশ করার কোনো অনুমতি ছিল না।

আরও পড়ুন

×