চাঁদপুরে এতিমখানার ভবনের করিডোর ধসে আহত ৪০
তিন তলা ভবনের দোতলার করিডর ধসে আহত হয়েছেন প্রায় ৪০ জন ছাত্র ও শিক্ষক-সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯ | ১২:৩৪ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ | ১৩:০৬
চাঁদপুরের মতলব উত্তরে এতিমখানার তিন তলা ভবনের দোতলার করিডর ধসে আহত হয়েছেন প্রায় ৪০ জন ছাত্র ও শিক্ষক। শনিবার রাত ১০টার দিকে উপজেলার ফরাজীকান্দিতে নেদায়ে ইসলাম আল আমিন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের মতলব উল্টর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সদস্য আবু তাহের জানান, এতিমখানার তিনতলা বিশিষ্ট ভবনের দোতলার করিডোরে ছাত্রদের দাড় করিয়ে ব্রিফ করছিলেন শিক্ষকরা। এ সময় হঠাৎ ভবনের করিডোরটি ভেঙে নিচে পড়ে যায়। এ ঘটনায় প্রায় ৪০ জন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি জানান, ভবনটি ঝুঁকিপূণ থাকায় হয়তো এ দুর্ঘটনা ঘটেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, রাতের খাবারের পর আগামী ১৬ ডিসেম্বর চাঁদপুরে শিক্ষার্থীদের যাওয়ার বিষয়ে কথা বলার জন্য ওই ভবনের নিচে জড়ো করা হয়। এ সময় হঠাৎ ভবনের দোতলার ছাদ ধসে নিচে পড়ে। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
- বিষয় :
- চাঁদপুর
