কলারোয়ায় কৃষকের মুখে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টা
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০০:০৬ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৯ | ০২:০৫
সাতক্ষীরার কলারোয়ায় সুলতান দালাল (৫০) নামে এক কৃষকের মুখে দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুবৃর্ত্তরা। গুরুতর আহত অবস্থায় ওই কৃষককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার নাতপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত সুলতান দালাল একই গ্রামের শহর আলী দালালের ছেলে।
সুলতান দালাল জানান, শনিবার রাতে তিনি সীমান্তবর্তী মাদরা বাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে নাথপুর গ্রামে পৌঁছালে মোটরসাইকেল করে দুইজন লোক এসে তার গতিরোধ করে। এর মধ্যে একজন তার মুখে টর্চ লাইট ধরে রাখে, অন্যজন দাহ্য পদার্থ (পেট্রোল) নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় তার আর্ত চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের ডা: মাহবুব হোসেন জানান, সুলতান দালালের মুখমণ্ডল ও হাত পুড়ে গেছে। পাশাপাশি এক চোখ নষ্ট হয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
কলারোয়া থানার সেকেণ্ড অফিসার এস আই রাজকুমার পাল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পারিবারিক কলহের জের ধরে এমন একটি ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির-উল-গিয়াস জানান, ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।