ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

গাজীপুরে স্বর্ণালঙ্কারসহ ১০ ডাকাত গ্রেফতার

গাজীপুরে স্বর্ণালঙ্কারসহ ১০ ডাকাত গ্রেফতার
×

গ্রেফতার ডাকাতরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ০১:২৮

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় দুটি গয়নার দোকান থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কারসহ ১০ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- মনির মোল্যা ওরফে মনির ওরফে মনি মোল্লা ওরফে আকুব্বর হোসেন আকু (৩৮), আলমগীর হোসেন ওরফে আলম (৪০), তার স্ত্রী মোসাম্মৎ ছুম্মা খাতুন (৩২), মো. রানু শেখ ওরফে নান্নু শেখ (৩৮), মো. সাইদুর সরদার (৪৪), বাদশা প্রামানিক ওরফে বাবু ওরফে বাদশা বাবু (৩৮), নাজমুল (২৬), সঞ্জয় সরকার (৪০), মো. সুজন (২৪) ও বিবেক পাল (৪২)।

পুলিশ সুপার বলেন, গ্রেফতারদের মধ্যে সঞ্জয় সরকার ও বিবেক পাল স্বর্ণ ব্যবসায়ী। ঢাকার আশুলিয়ায় সঞ্জয়ের এবং ধামরাইয়ে বিবেকের গয়নার দোকান আছে। লুট করা সোনা ও রূপা গলিয়ে তারা গয়না বানিয়ে বিক্রি করতেন।

গত ১৬ নভেম্বর সন্ধ্যায় একদল ডাকাত জৈনাবাজারের গফুর সুপার মার্কেটের নিউ দিপা জুয়েলার্স ও লক্ষ্মী জুয়েলার্স থেকে ৮০ ভরি স্বর্ণালঙ্কার, ৫০০ ভরি রুপা ও নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে দিপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকার গুরুতর আহত হন।

তদন্তে নেমে পুলিশ ওই ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। এরপর অভিযান চালিয়ে ওই ১০ জনকে গ্রেফতার করে বলে পুলিশ সুপার জানান।

তিনি বলেন, গ্রেফতারদের কাছ থেকে ৪৩ ভরি স্বর্ণালঙ্কার, ৬০০ গ্রাম রুপা, এক লাখ ৫৬ হাজার ৩২০টাকা, সাতটি ককটেল, একটি চাপাতি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেফতারদের মধ্যে মনিরের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসেন।


আরও পড়ুন

×