নওগাঁয় কবিতা খানম
নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলে ছাড় নয়
ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২১ | ১১:৪৮
নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গ্রহণের স্বার্থে যা যা করা দরকার তার সবই করা হবে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবেই নির্দেশনা দেওয়া আছে।
রোববার নওগাঁ জেলার নওগাঁ ও ধামইরহাট পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কবিতা খানম বলেন, কয়েক দিন আগে নওগাঁ পৌরসভা নির্বাচনে এক প্রার্থীর ওপর হামলার খবর এলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এখন ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে। এই জেলায় আমার জন্ম। এখানে এমন কোনো নির্বাচন চাই না, যেটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের নমুনা হয়ে থাকবে।
পরে আগামী ৩০ জানুয়ারি এই পৌরসভা দুটির নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয়। এতে জেলা প্রশাসক হারুন-অর-রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবিতা খানম। উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল কবির, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন অফিসার ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গণপতি রায়, নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন, ধামইরহাট থানার ওসি আবদুল মমিন, নওগাঁ সদর উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন প্রমুখ।
