ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

মাদারীপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

মাদারীপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
×

নিহত শাহেদ বেগ

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২১ | ০৫:৫৪

মাদারীপুরের রাজৈরে শাহেদ বেগ (২৫) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  একই সঙ্গে তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে মাদারীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রাজৈর উপজেলার হরিদাসদী-মহেন্দ্রদী ইউনিয়নের কালীবাড়ি গ্রামের ইউসুফ আলী মুন্সীর ছেলে মো. সেলিম মুন্সী ও একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. পাভেল শিকদার।

দুই আসামি পলাতক রয়েছেন বলে জানান অতিরিক্ত পিপি গোলাম আজম শামীম গৌড়া।

মামলার নথি সূত্রে জানা গেছে, নিহত শাহেদ বেগ ২০১২ সালের ২৯ নভেম্বর রাতে লিবিয়া যাওয়ার জন্য টাকা সংগ্রহ করে রাজৈর উপজেলার বাটিয়ারকান্দা গ্রামে একটি বিয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে রাতে ঘর থেকে বের হন। সকালে ওই গ্রামের একটি খালের মধ্যে শাহেদের লাশ পাওয়া যায়। ওই ঘটনায় নিহতের বড় ভাই রফিকুল বেগ বাদী হয়ে রাজৈর থানায় ২০১২ সালের ১ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তে শাহেদ হত্যার সাথে আসামি পাভেল ও সেলিমের সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে।

নিহতের মা মহরজান জানান, দীর্ঘদিন পর আসামিদের ফাঁসির রায় হওয়ায় তিনি সন্তুষ্ট। তিনি এ রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

মাদারীপুরের অতিরিক্ত পিপি গোলাম আজম শামীম বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকার পর বুধবার দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক দুই আসামির ফাঁসির আদেশ এবং ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের রায় দিয়েছেন।  আমরা এ রায়ে সন্তুষ্ট।

আরও পড়ুন

×