ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বেগমগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

বেগমগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৭:৩৭

যৌতুক আনতে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে রুমি আক্তার (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মহিনের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় রুমির লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে। 

প্রতিবেশীরা জানায়, সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের আলী আহমদের মেয়ে রুমি আক্তারের সঙ্গে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের মুক্তিযোদ্ধা কালা মিয়ার ছেলে মহিনের ৮ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে দুটি শিশুসন্তান রয়েছে। বিয়ের পর থেকে রুমিকে যৌতুক আনতে চাপ দিত মহিন। 

রুমির স্বজন শরীফ জানান, যৌতুকের জন্য মহিন প্রায়ই রুমিকে মারধর করত। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সংসারে অশান্তি চলছিল। বুধবার বিকেলে রুমিকে মারধর শেষে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় মহিন। খবর পেয়ে নিহত গৃহবধূর পরিবার সোনাইমুড়ী থেকে নরোত্তমপুর ছুটে আসেন। এ সময় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল যান। রুমির বাবা আলী আহমদ দাবি করেন, তার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। তিনি মেয়ের হত্যাকারীর ফাঁসি চান। 

খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছিলেন জানিয়ে নরোত্তমপুর ইউপি চেয়ারম্যার মো. হারুনুর রশিদ বাচ্চু বলেন, রুমির বাবার দাবি তার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আর শ্বশুড়বাড়ির লোকজনের দাবি, রুমি আত্মহত্যা করেছে। পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। 

বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×