কটিয়াদীতে স্বজনবেশে নবজাতক চুরি
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:২৭ | আপডেট: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:৩৭
কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বজনবেশে প্রাইভেট হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপের সামনে রেনেসাঁ ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশুটির স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বর্তীহাটা গ্রামের কৃষক মনির হোসেন ওরফে মহরম আলী তার স্ত্রী প্রসূতি কুলসুম বেগমকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করেন। বুধবার সকাল ১১টায় অস্ত্রোপচারের মাধ্যমে পুত্রসন্তানের জন্ম হয়। এরপর পোস্ট-অপারেটিভ কক্ষে নবজাতকসহ মাকে রাখা হয়। সেখানে প্রসূতির স্বামী, শাশুড়ি, ফুফু ও অন্য আত্মীয়রা নবজাতককে দেখতে আসেন। তাদের মধ্যে অপরিচিত বোরকা পরা এক নারী কুলসুমের বাবার বাড়ির পরিচয় দিয়ে তাদের সঙ্গে দীর্ঘ সময় কথাবার্তা বলে এবং বাচ্চাকে কোলে নিয়ে বারান্দায় ও কক্ষে আসা-যাওয়া করে।
কুলসুমের স্বামী সে কক্ষ থেকে বের হয়ে যাওয়ার পর ওই নারী বাচ্চার শরীর মুছে দেওয়ার জন্য নবজাতকের ফুফুকে একটি গামছা ভিজিয়ে আনতে বলে। গামছাটি ভিজিয়ে আনতে গেলে ওই নারী কৌশলে নবজাতককে নিয়ে বেরিয়ে যায়। শিশুটির ফুফু গামছা ভিজিয়ে এনে দেখেন, ওই নারী কক্ষ বা বারান্দার কোথাও নেই। তাকে হাসপাতালের কোথাও খুঁজে না পেয়ে নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।
হাসপাতালের নার্স রোজিনা আক্তার বলেন, নবজাতককে দেখার জন্য তাদের স্বজনদের সঙ্গে পাঁচ-ছয়জন লোক আসে। তাদের সঙ্গে বোরকা পরা এক নারীও ছিল। তাদের স্বজন ভেবে ওই নারীর পরিচয় জানতে চাইনি।
কটিয়াদী থানার ওসি এমএ জলিল বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- নবজাতক চুরি
- কটিয়াদী