দেশকে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সমকাল
রংপুর অফিস
প্রকাশ: ২৭ নভেম্বর ২০১৯ | ০৮:৫৫
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, পেঁয়াজ রপ্তানি বন্ধ করে ভারত আমাদের চরম শিক্ষা দিয়েছে। আমরা এই শিক্ষাকে নতুন সম্পদে পরিণত করব। আগামী দু-তিন বছরের মধ্যে দেশকে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে হবে। দেশের চাহিদা অনুযায়ী পেঁয়াজ উৎপাদন হলে কৃষকরা যাতে ভালো দাম পায়, সেজন্য বিদেশ থেকে আমদানি বন্ধ করে দেওয়া হবে। এ জন্য প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। ভারতের হাইকমিশনারকে বলেছি- আমদানি নয়, আগামী দিনে ভারতে বাংলাদেশ পেঁয়াজ রপ্তানি করবে।
বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, সংবাদ সম্মেলন ও সেমিনারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, দেশের চাহিদা ২৫ লাখ টন পেঁয়াজ। বর্তমানে দেশে ২২ থেকে ২৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন হয়। পচে যাওয়ার পর ১৭ থেকে ১৮ লাখ টন পেঁয়াজ থাকে। বাকি সাত থেকে আট লাখ টন পেঁয়াজ বাইরে থেকে আমদানি করতে হয়। এর শতকরা ৯০ ভাগই আসে ভারত থেকে। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় আমরা মিসর, মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে পেঁয়াজ আমদানির ব্যাপারে কথা বলেছি। মিসর থেকে পেঁয়াজ আমদানি করা হলেও তা জাহাজে করে আসতে সময় লাগে এক মাস। মিয়ানমার থেকে কিছু পেঁয়াজ আমদানি করা হলেও তাদের দেশেও পেঁয়াজের দাম বেড়ে গিয়েছে। এর পরও আমরা জাহাজ ও প্লেনে করে দুইশ' টাকা কেজির পেঁয়াজ ভর্তুকি দিয়ে টিসিবির মাধ্যমে ৪৫ টাকায় ভোক্তাদের কাছে দিচ্ছি। মঙ্গলবারও জাহাজে করে আড়াই হাজার টন পেঁয়াজ দেশে এসেছে। প্রতিদিনই পেঁয়াজ আসছে। আশা করি এক সপ্তাহের মধ্যেই পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে আসবে।
রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক একেএম রুহুল আমিন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন ও জেলা প্রশাসক আসিব আহসান। অনুষ্ঠানে নিরাপদ অভিবাসন ও উত্তরবঙ্গ থেকে জনশক্তি রপ্তানির ওপর বিশদ আলোচনা করা হয়।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- টিপু মুনশি
