ধর্ষণের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ
ফজলে রাব্বি রুবেল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২১ | ০৬:১২ | আপডেট: ০২ মার্চ ২০২১ | ০৬:২২
নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী কিটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার গভীর রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ছাত্রীর নাম মরিয়ম আক্তার মেঘলা (১৬)।
আলমগীর হোসেনের মেয়ে মরিয়ম আক্তার স্থানীয় জয়নাল আবদীন মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মঙ্গলবার বিকেলে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
ওই স্কলছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ফজলে রাব্বি রুবেল (২২) সদর উপজেলার শল্যা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে মরিয়মের বাবার ব্যবসা প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী। বর্তমানে রুবেল নোয়াখালী সুপার মার্কেটের এক দোকোনে দর্জি হিসেবে কর্মরত।
মরিয়মের বাবা আলমগীর হোসেন জানান, তার বড় মেয়েকে নিয়ে ঢাকায় যান স্ত্রী। তিনিও বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার বিকেলে রুবেল কৌশলে বাড়ি ঢুকে তার মেয়েকে ধর্ষণ করে। এক পর্যায়ে একই দিন রাত আটটার দিকে কিটনাশক পান করে সে।
খবর পেয়ে স্বজনরা মরিয়মকে উদ্ধার করে রাতেই সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মরিয়ম মারা যায়।
মরিয়মের বাবা আরো জানান, এ ঘটনায় রুবেলের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা ও ধর্ষণের মামলার প্রস্ততি চলছে।
এ ব্যাপারে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, মৃত ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে পুলিশ অভিযুক্ত ফজলে রাব্বিকে ধরতে অভিযান শুরু করেছে।