চট্টগ্রামে ১৫ মোবাইল ছিনতাইকারী গ্রেফতার
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৮:৫১
চট্টগ্রামে ১৫ মোবাইল ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার থেকে সোমবার পর্যন্ত নগরের পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ১৫ জন হলেন- রাব্বি আল আহম্মদ, মো. মামুন, মো. সোহাগ, জয় বড়ুয়া ওরফে আব্দুল, মো. আজিম ওরফে আজম, দেলোয়ার হোসেন ওরফে দেলু, মো. মামুন, মো. আল আমিন শেখ, মো. রুবেল, মো. বশির, মো. মিন্টু, মো. শাহাদাত হোসেন বাবু, জয়নাল আবেদীন, মো. জহির ও লেদু ওরফে আলাউদ্দিন ওরফে হাসান। তাদের কাছ থেকে ১২টি চোরাই মোবাইল সেট ও চারটি ছুরি উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘তিন-চারভাগে বিভক্ত হয়ে চুরি-ছিনতাই করে গ্রেফতার ছিনতাইকারীরা। একেকটি দলে তিন-চারজন করে থাকে তারা। রেলস্টেশন, বাস স্টপেজ, গণপরিবহন যেখানে থামিয়ে যাত্রী তোলা হয় সেখানে অবস্থান নিয়ে সুযোগ বুঝে ছিনতাই করে। বিভিন্ন কৌশলে ছো মেরে মোবাইল নিয়ে যায়।’
কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সজল দাশ বলেন, ‘গ্রেফতার ছিনতাইকারীরা সবাই প্রশিক্ষিত। ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে মোবাইল ছিনতাইয়ে সক্ষম তারা। রেলস্টেশনের আশপাশের এলাকায় ভাসমান কিছু দোকানে মোবাইল সেট বিক্রি হয়। চোরাই মার্কেট হিসেবে এটি পরিচিত। মূলত সেই দোকানদারদের কয়েকজনের আশ্রয়-প্রশ্রয়ে এরা ছিনতাই করে।’
- বিষয় :
- চট্টগ্রাম
- ছিনতাইকারী
- গ্রেফতার
- মোবাইল ছিনতাইকারী