গোপালগঞ্জে সরকারি রাস্তার পাশের গাছ কাটার হিড়িক
সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার হিড়িক পড়েছে -সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০৩:৪৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সরকারি রাস্তার পাশ থেকে গাছ কাটার হিড়িক পড়েছে। যে যার মতো পারছে গাছ কেটে নিয়ে যাচ্ছে।
জানা গেছে, প্রায় ১৫ বছর আগে কৈননীয়া সংস্থা উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ফুলগাছা থেকে হিজলবাড়ি পর্যন্ত খালটি খনন করে রাস্তা নির্মাণ করে। পরবর্তীতে সংস্থাটির পক্ষ থেকে প্রায় ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার দু’ পাশে গাছের চারা রোপন করা হয়। সংস্থাটির কর্মচক্র শেষ হওয়ার কারণে ৭ বছর আগে তারা এ উপজেলা থেকে চলে যায়। বর্তমানে রাস্তার গাছগুলো অভিভাবকশুন্য হয়ে পড়েছে। এ সুযোগে যে যেভাবে পারছেন সেভাবে গাছ কেটে নিচ্ছেন।
সোমবার সরেজমিনে এই রাস্তায় গিয়ে তেতুলবাড়ি গ্রামের নিতাই বিশ্বাস ও আনোয়ার হাওলাদারকে গাছ কাটতে দেখা যায়।
গাছ কেটে নিয়ে যাওয়ার বিষয়ে আনোয়ার হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘুর্ণিঝড় বুলবুলে আমার বাড়ির ক্ষতি হয়েছে। তাই মেরামতের জন্য রাস্তার একটি গাছ কেটেছি।
নিতাই বিশ্বাস বলেন, গাছ না কাটলে রাস্তা নষ্ট হয়ে যায়, তাই আমি একটি গাছ কেটে নিয়েছি।
নাম প্রকাশ না করা শর্তে তেতুলবাড়ি গ্রামের এক যুবক বলেন, প্রতিদিনই বিভিন্ন জন এই রাস্তার গাছ কেটে নিয়ে যাচ্ছেন। এতে সরকারের লাখ লাখ টাকার ক্ষতি হচ্ছে।
উপজেলা বন কর্মকর্তা বিবেকানন্দ মল্লিক বলেন, ওই রাস্তার পাশে গাছগুলো লাগানোর সময় এলাকার জনগণকে নিয়ে একটি সমিতি করা হয়েছিল। সেই সমিতির সদস্য ও ইউনিয়ন পরিষদ এই গাছের মালিক। এখানে আমাদের কিছু করার নেই।
কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, গাছ কেটে নেওয়ার বিষয়টি আমার জানা নাই। যদি কেউ গাছ কেটে নিয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।