পটিয়ায় বিপুল পরিমাণে কার্তুজ উদ্ধার
পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২১ | ০৩:০৫
চট্টগ্রামের পটিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তিনশো রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জসিম উদ্দীন ওরফে মাইকেল জসিমের ঘর থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয়রা জানায়, মাইকেল জসিম ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে পটিয়া থানায় খুন, ছিনতাই ও ইয়াবা ব্যবসাসহ আটটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত কার্তুজগুলো নতুন। কার্তুজগুলো সন্ত্রাসী কাজে ব্যবহারের জন্য সম্প্রতি আনা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, তিনশো রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাইকেল জসিমকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
- বিষয় :
- কার্তুজ উদ্ধার
- পুলিশের অভিযান
