চট্টগ্রামে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯ | ০৭:০৮
পেঁয়াজ কেনায় নগরবাসীকে স্বস্তি দিতে পাঁচটি থানার উঠানে পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
শনিবার সকাল ১০টা থেকে নগরের কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানার উঠানে পেঁয়াজ বিক্রি হবে।
প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হবে ৪৫ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ এক কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিটি থানায় এক টন করে প্রতিদিন ৫ টন পেঁয়াজ বিক্রি হবে। এ কার্যক্রম চলবে এক সপ্তাহ পর্যন্ত।
নগর পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, পুলিশের নারী কল্যাণ সমিতির উদ্যোগে থানা চত্বরে পেঁয়াজ বিক্রি করা হবে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও ক্রমাগত বৃদ্ধি পাওয়া পেঁয়াজের দামের লাগাম টানতে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীর কারণে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশ পরিবারের সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি এসব পেঁয়াজ সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে নামমাত্র মূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছে।
