গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পুলিশ সদস্যসহ নিহত ২
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৩:২২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০৩:২৯
গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলার দেবগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাশিয়ানী থানার কম্পিউটার অপারেটর পুলিশের কনষ্টেবল মোঃ এমদাদুল হক (২৪) ও কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের সচিন বিশ্বাসের ছেলে রনজিৎ বিশ্বাস (২৭)।
আহতদের প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত পুলিশ কনষ্টেবল এমদাদুল গত ৮ ডিসেম্বর ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে যান। আগামী ১২ ডিসেম্বর তার কর্মস্থলে যোগদানের কথা ছিল।
