মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সাইকেলে ভারত থেকে বাংলাদেশে
মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে সাইকেল চালিয়ে ভারত থেকে বাংলাদেশে আসে ওরা- সমকাল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৫ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪২
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে ভারতের কলকাতা থেকে সাইকেল চালিয়ে বাংলাদেশে এসেছে কলকাতা মহারানী কাশীশ্বরী কলেজ এবং সোদপুর নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের ১০ জনের একটি প্রতিনিধি দল। তাদের এ আয়োজনে সহযোগিতা করছে ভারতের ব্যারাকপুরের 'ফিরে আসুক সবুজ' নামে একটি সংগঠন।
শনিবার সকালে রাজবাড়ী লোকোসেড বধ্যভূমিতে তারা ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকেও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রতিনিধি দলের সঙ্গে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম শুভেচ্ছা বিনিময় করেন।
উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আবদুল জব্বার, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশেক হাসান, স্থানীয় সরকার উপপরিচালক বাকীহাদ হোসেন প্রমুখ।
প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী কলকাতার মহারানী কাশীশ্বরী কলেজের ক্রীড়াশিক্ষক সুবিমল দেব জানান, দূষণমুক্ত বিশ্ব নির্মাণের দাবিতে এবং বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানাতে গত ১১ ডিসেম্বর ১০ জন শিক্ষক-শিক্ষার্থীর সমন্বয়ে একটি দল বাইসাইকেল র্যালি বের করেন। র্যালিটি কলকাতার বনগাঁ হয়ে বাংলাদেশের যশোর জেলায় প্রবেশ করে। এরপর যশোর ও মাগুরা হয়ে শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা শহরে এসে পৌঁছায়।
রোববার সকালে তারা রাজবাড়ী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হবে। সোমবার রাজধানীতে বিজয় উৎসবে যোগ দেবেন। বিজয় উৎসব শেষে তারা কলকাতায় ফিরবেন। কর্মসূচি চলাকালে তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে গাছের চারাও রোপণ করেন।
তিনি আরও জানান, তারা বাংলাদেশে আসার পর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশের মানুষের আতিথেয়তা তাদের মুগ্ধ করেছে। তিনি চতুর্থবারের মতো বাইসাইকেল র্যালি নিয়ে বাংলাদেশে এলেন।
তাদের দলে আরও রয়েছেন মহারানী কাশীশ্বরী কলেজের শিক্ষক শ্যাম প্রসাদ রাম, দেবব্রত ভৌমিক, সৌমেন সরদার, শিক্ষার্থী তনুশ্রী আচার্য, রিয়া চক্রবর্তী, রিয়া দে, পামেলা মল্লিক এবং সোদপুর নাটাগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্য সয়াল বিশ্বাস।
- বিষয় :
- মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা
- রাজবাড়ী