কীর্তনখোলায় লঞ্চের সঙ্গে সংঘর্ষে কার্গোডুবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০১৯ | ২০:৩৯ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ | ২২:০৭
বরিশালের কীর্তনখোলা নদীতে লঞ্চের সঙ্গে সংঘর্ষের পর একটি কার্গো আংশিক ডুবে গেছে; আর তলা ফেটে লঞ্চটি বিকল হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে ডিসি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শনিবার রাতে এমভি শাহরুখ-২ নামে একটি লঞ্চ প্রায় সাড়ে ৩শ’ যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে রওনা দেওয়া এ্যাংকর সিমেন্টের ১২শ’ মেট্রিক টন ক্লিংকারবাহী এমভি হাজী মো. দুদু মিয়া (রাঃ)-১ নামের একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে যায় ও কার্গোটি আংশিক নদীতে ডুবে যায়।
লঞ্চের যাত্রীসহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নদীতে বাঁক থাকা সত্ত্বেও এমভি শাহরুখ-২ লঞ্চটি দ্রুত গতিতে চলছিল। অন্যদিকে কার্গোটিও নিয়ম না মেনে নদীর বাম দিক ঘেঁষে যাচ্ছিল। হঠাৎ বিকট শব্দে লঞ্চ ও কার্গোর সংঘর্ষে হয়। মুহূর্তের মধ্যে ডুবতে শুরু করে কার্গোটি। সংঘর্ষে লঞ্চটির সামনের তলার অংশ ফেটে যাওয়ায় যাত্রীদের মধ্যে সে সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বরিশাল বিআইডব্লিউটিএ-এর যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু জানান, যাত্রী নিয়ে বরগুনা থেকে রাজধানী ঢাকার উদ্দেশে যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ ‘এমভি শাহরুখ-২’। কীর্তনখোলা নদী অতিক্রমকালে বিপরীত দিক থেকে আসা এমভি হাজী মুহম্মদ দুদু মিয়া নামে একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কার্গোর ৮০ শতাংশ ডুবে যায় এবং লঞ্চের তলা ফেটে যায়।
মিঠু বলেন, তাৎক্ষণিকভাবে লঞ্চের চালক নদীর পূর্ব প্রান্তে চরকাউয়া খেলাঘাট এলাকায় লঞ্চটি ভিড়িয়ে দেন এবং এরপর যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ঘটনার পরপরই নৌ-পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছায়। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আজমল হুদা মিঠু জানান।
- বিষয় :
- বরিশাল
- কীর্তনখোলা
- কার্গো ডুবি
