পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে বুধবার
এগিয়ে চলছে পদ্মাসেতু নির্মাণের কাজ- সমকাল
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯ | ১১:১৯
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে বুধবার। প্রশাসনিকভাবে মাদারীপুর জেলা এলাকায় নির্মিত ২১ ও ২২ নম্বর খুঁটির ওপর এই স্প্যান বসানো হচ্ছে।
১৫০ মিটার দৈর্ঘের ও ৩ হাজার ১৪০ টন ওজনের এ স্প্যানটি দুই খুঁটির ওপর বসানোর পর মূল সেতুর অবকাঠামো দৈর্ঘে ২ হাজার ৮'শ ৫০ মিটার দৃশ্যমান হয়ে উঠবে। প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলী সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রকেল্পর দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, বুধবার সকালে কুয়াশা কেটে গেলে দিকে ধূসর রঙের ১৯তম স্প্যানটি বিশ্বের শক্তিশালী ক্ষমতাসম্পন্ন ক্রেনবাহী ভাসমান জাহাজ 'তিয়ান-ই' স্টীল ট্রাস মন্টিং ক্রেনের সাহায্যে খুঁটির ওপর বসানো হবে।
প্রকল্পের দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলীরা জানান, বহু আকাঙিক্ষত পদ্মা সেতুর চ্যালেঞ্জিং সকল কাজ শেষ হয়ে গেছে। এখন খুঁটির ওপর পর্যায়ক্রমে বসানো হবে একেকটি স্প্যান। প্রকল্পে প্রস্তুত থাকা ৩৩টি স্প্যানের মধ্যে ইতিমধ্যে ১৮টি খুঁটির ওপর স্থাপন করা হয়ে গেছে। শতভাগ প্রস্তুত রয়েছে আরও ৫টি। আর ১১টি স্প্যান শতভাগ প্রস্তুত করতে মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে দিনরাত চলছে কর্মযঞ্জ।
তারা জানান, নভেম্বরে এক সপ্তাহের ব্যবধানে দুইটি স্প্যান বসানো হয়। আর বিজয়ের মাসে গত ১১ ডিসেম্বর বসানো হয় ১৮তম স্প্যান। তার এক সপ্তাহের ব্যবধানে বুধবার সেতুর ২১ ও ২২ নম্বর খুঁটির ওপর বসছে ১৯তম স্প্যান। ডিসেম্বরে আরও একটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে
দ্বিতল। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর অবকাঠামো। নিচ
দিয়ে চলবে ট্রেন ও ওপর দিয়ে চলবে যানবাহন।
- বিষয় :
- পদ্মা সেতু
- মুন্সীগঞ্জ
