কলমাকান্দায় লরি-অটো সংঘর্ষে নিহত ২
ছবি: সমকাল
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০১:৫০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৬
নেত্রকোনার কলমাকান্দায় পাথর ভর্তি লরি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের আমতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দুর্গাপুর উপজেলার চন্ডীগর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে জামাল মুন্সি (৫৮) এবং কলমাকন্দার নাজিরপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামের লোকমান ভূঁইয়ার ছেলে কাইয়ুম (৫৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, কলমাকান্দার নাজিরপুর বাজার থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা সদরে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর ভর্তি লরির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আর দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, ঘটনাস্থল থেকে পাথর ভর্তি লরি ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে লরির চালক জাকির পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
- বিষয় :
- নেত্রকোনা
- কলমাকান্দা
- লরি
- অটোরিকশা
- সড়ক দুর্ঘটনা-২০১৯
