নোয়াখালীতে ইয়াবাসহ ইউপি সদস্য আটক
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৩
নোয়াখালীর বেগমগঞ্জে ইয়াবাসহ ইকবাল হোসেন (৩৮) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার ভোরে ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইকবাল হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব কুমার মোদক জানান, ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের সহযোগিতায় বুধবার ভোর ৫ টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। তাকে আটক করার পর তার ঘরে তল্লাশি চালিয়ে একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, আটক ইউপি সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে।
- বিষয় :
- নোয়াখালী
