ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

কালুখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

কালুখালীতে দুই বাসের সংঘর্ষে নিহত ৪
×

দুর্ঘটনাকবলিত বাস- সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:২১ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৭:২৫

রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর এলাকায় দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মাজবাড়ি গ্রামের ফরমান মন্ডল। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ১৩ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে এবং বাকিদের ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদশীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুমারখালীগামী লালন পরিবহনের একটি বাস দুর্গাপুর অতিক্রম করার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী লোকাল বাস আরিফ এক্সক্লুসিভের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আর রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দুইজন। দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।

গান্ধীমারা হাইওয়ে থানার এসআই সাইফুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা নিহত ও আহতদের উদ্ধার কাজ শুরু করেন। নিহত চারজনের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজব্ড়াী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার বিশ্বাস জানান, রাজবাড়ী সদর হাসপাতালে বর্তমানে ১৩ জন ভর্তি আছেন। অনেক রোগীর অবস্থা খারাপ থাকায় নাম এন্ট্রি ছাড়াই রেফার্ড করতে হয়েছে। আহতদের সংখ্যা ৪০ জনেরও বেশি হতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন

×