ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

চাকরি দেওয়ার নামে একের পর এক প্রতারণা, গ্রেপ্তার ৩

চাকরি দেওয়ার নামে একের পর এক প্রতারণা, গ্রেপ্তার ৩
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৯ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৩

চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম বন্দর ও সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ প্রক্রিয়ায় জড়িত সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ পর্যন্ত তারা ২৩ জনকে চট্টগ্রাম কাস্টম হাউসের নিয়োগপত্র, ২০ জনকে পুলিশ ক্লিয়ারেন্স পত্র, ২১ জনকে নিয়োগপত্র, চট্টগ্রাম বন্দরে ১ জনের নামে নিয়োগপত্র ও পুলিশ ক্লিয়ারেন্স, বাংলাদেশ সেনাবাহিনীতে ৪ জনের নামে নিয়োগপত্র ও এনবিআরে ২৭ জনের নামে নিয়োগপত্র দিয়েছে বলে জানিয়েছে পিবিআই।

গ্রেপ্তার প্রতারকরা হলো- ঝালকাঠির বড় কৈবর্ত্যখালী এলাকার মো. রিপন সিকদার, ফেনীর দক্ষিণ গুখুমা এলাকার আনোয়ারুল হোসেন ওরফে আতিক ও নারায়ণগঞ্জের চর তালিমাবাদ দক্ষিণ পাড়ার মো. তোফাজ্জল হোসেন। বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরে পিবিআই।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন জানান, প্রতারক চক্রের রিপন সিকদার নামে এক সদস্যকে গত ১২ ডিসেম্বর ঢাকা থেকে এবং ১৭ ডিসেম্বর পাঠানটুলী এলাকার হোটেল পূরবী থেকে আনোয়ারুল ও তোফাজ্জলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ভুয়া নিয়োগপত্র, প্রবেশপত্র, পুলিশ ক্লিয়ারেন্স, প্রশ্নপত্র ও উত্তরপত্র, পেনড্রাইভসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ এবং পেনড্রাইভে থাকা তথ্যে দেখা গেছে, ২০১৫ সাল থেকে সংঘবদ্ধ চক্রটি সরকারি প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে নিয়োগের কথা বলে দেশের বিভিন্ন স্থান থেকে লোক সংগ্রহ করে তাদের টাকা হাতিয়ে নেয়। হোটেলে এনে নিয়োগপ্রার্থীর পরীক্ষা নেয়। সম্পূর্ণ টাকা পাওয়ার পর হাতে ধরিয়ে দেওয়া হয় কথিত নিয়োগপত্র।

এর আগে গত ৮ সেপ্টেম্বর প্রতারকদের খপ্পরে পড়ে টাকার বিনিময়ে নিয়োগপত্র নিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসে গিয়েছিলেন সাইফুল ইসলাম, আব্দুল গফুর ও মিলন চক্রবর্তী। প্রতারণার বিষয়টি জানতে পেরে তারা প্রতারক আনোয়ারুল হোসেনের নামে অভিযোগ করেন। এ সময় তারা দাবি করেছিলেন, ৮ থেকে ১২ লাখ টাকার বিনিময়ে তাদের ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×