সুনামগঞ্জে পুত্রবধূর হাতে শ্বশুর খুন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৫:১৮ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৫:২৯
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক কলহের জেরে পুত্রবধূর হাতে এক ব্যক্তি খুন হয়েছেন।
উপজেলার দোহালিয়া ইউনিয়নের পাহাড়পুর-রাজনপুর গ্রামে শনিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সইফুদ্দিনের (৫৭) ছেলে সফিকুন নূরের সঙ্গে তার স্ত্রী সোহেনা বেগমের (২২) প্রায়ই ঝগড়া হতো। শনিবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও ঝগড়া হয়। এসময় সোহেনা বেগম বাড়ি ছেড়ে চলে যেতে চাইলে শ্বশুর সইফুদ্দিন তাকে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেনা বেগম হাতের কাছে থাকা বাঁশের টুকরা দিয়ে সইফুদ্দিনের বুক বরাবর আঘাত করেন। এতে সইফুদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সোহেনা বেগমকে তার নয় মাসের শিশু সন্তানসহ আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সইফুদ্দিনের ছেলে ফয়জুন নূর বাদী হয়ে সোহেনার বিরুদ্ধে হত্যা মামলা করেন।
দোয়াবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। রদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।
