দগ্ধ গৃহবধূর মৃত্যু হাসপাতালে, স্বামী গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৪
নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে যাওয়া এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পাঁচদিন মৃত্যর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খাদিজা আক্তার রুমার (২০)।
যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী বিপ্লব মিয় রুমার গায়ে আগুন দেন বলে অভিযোগ। এ ঘটনায় দুপুরে অভিযুক্তকে গ্রেফতার করে মধাবদী থানা পুলিশ।
নিহত খাদিজা আক্তার রুমা নরসিংদী সদর উপজেলার শিলমান্দী গ্রামের কাজল মিয়ার মেয়ে। আর বিপ্লব মিয়া মধাবদীর গদাইচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৬ ডিসেম্বর দুপুরে যৌতুকের টাকার জন্য স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হন খাদিজা। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খাদিজার বাবা কাজল মিয়া জানান, প্রায় দেড় বছর আগে মেয়ে খাদিজাকে বিপ্লবের সঙ্গে বিয়ে দেওয়া হয়। তাদের একটি ৭ মাসের কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের ৩ লাখ টাকা জন্য বিপ্লব প্রায় সময় খাদিজার ওপর নির্যাতন চালাতো। এক পর্যায়ে টাকা দিতে না পারায় খাদিজাকে হত্যার উদ্দেশে পূর্বপরিকল্পিতভাবে শরীরে কেরসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
মাধবদী থানার ডিউটি অফিসার এসআই দিদারুল আলম জানান, এ ব্যাপারে নিহত খাদিজা আক্তার রুমার বাবা কাজল মিয়া বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেছেন। তার স্বামী বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে।
- বিষয় :
- নরসিংদী
- আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু
