ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

যশোরে খুনের মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা

যশোরে খুনের মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা
×

যশোর অফিস

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ১০:২৮

প্রতিপক্ষের হামলায় যশোরে আব্দুর রহমান (৪৮) নামে এক কসমেটিকস ব্যবসায়ী খুন হয়েছেন। শনিবার সকালে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রতিবাদে যুব শ্রমিক লীগ শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে সন্ত্রাসী ফিঙ্গে লিটন বাহিনীর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।

নিহত রহমান জেলা টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি ও আওয়ামী লীগের যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হত্যা মামলার এক নম্বর সাক্ষী। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে আলোচিত ওই মামলায় খুব শিগগির তার সাক্ষ্য দেওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আব্দুর রহমান সাইকেলে স্থানীয় বাঁশতলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে বারান্দি মোল্লাপাড়ায় রহিমের দোকানের সামনে পৌঁছলে প্রতিবেশী মৃত নিজাম বিশ্বাসের ছেলে মেঠো কুদ্দুস, আকরাম, বাদল, ফারুক, নুর আলম, শাহ আলমসহ কয়েকজন বাইসাইকেলসহ তাকে জাপটে ধরে। আকরাম শাবল দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি পড়ে যান। এ সময় অন্যরা কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক সামস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান জানান, তিনি হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান চালাচ্ছে।

কোতোয়ালি থানার এসআই শাহিনুর রহমান জানান, আব্দুর রহমানের মাথায়, মুখে, পিঠে, হাতে ও ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শাবল জব্দ করা হয়েছে।

নিহতের ভাই সালাউদ্দিন বাবু জানান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম হত্যা মামলার সাক্ষী হওয়ায় নিজাম বিশ্বাসের সঙ্গে তার ভাইয়ের বিরোধ ছিল। জমির সীমানা নিয়েও ওই পরিবারের সঙ্গে তার ভাইয়ের বিরোধ থাকলেও প্রায় এক বছর আগে পুলিশের মধ্যস্থতায় সেটার সমাধান হয়।

আব্দুর রহমানের মেয়ে ফাহমিদা তাসমিম রুমি ও আইরিন আফরিন বীথি বলেন, আদালতে নজরুল হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া সন্নিকটে আসায় কিছুদিন আগে বারান্দিপাড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী নান্নু ও বুনো মিন্টু তাদের বাবাকে খুনিদের পক্ষে সাক্ষ্য দিতে হুমকি দিচ্ছিল।

২০১৩ সালের ৩০ অক্টোবর যশোর পৌরসভার এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা টায়ার-টিউব ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলামকে গুলি করে খুন করে ফিঙ্গে লিটন বাহিনীর ক্যাডাররা। আব্দুর রহমানের ওপর হামলাকারীদের মধ্যে মেঠো কুদ্দুস, আকরামসহ চারভাই নজরুল হত্যা মামলার আসামি। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক হত্যা, ডাকাতি, বিস্ফোরকসহ সাতটি মামলা রয়েছে।

আরও পড়ুন

×