ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে কলেজছাত্র খুন

বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধে কলেজছাত্র খুন
×

মাহমুদুল হাসান সজিব

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৫:০২

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী মাহমুদুল হাসান সজিব (১৯) নিহত হয়েছেন। 

রোববার সকাল ৬টায় উপজেলার নেয়ামতি ইউনিয়নের পুইয়াউটা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটজনকে গ্রেফতার করেছে। 

নিহত সজিব পুইয়াউটা গ্রামের রাজ্জাক কারিগরের ছেলে। তিনি স্থানীয় মহেষপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সকানাথরা বিরোধীয় জমিতে মাটি কাটা শুরু করে। এ খবর জানতে পেরে সজিবের চাচা তৈয়ব আলী কারিগর ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এসময় সকানাথ ও পরিমল সরকার ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তৈয়বের ওপর হামলা করে। খবর পেয়ে সজীব তার চাচাতো বোন সাজেদা ও ভগ্নিপতিকে নিয়ে তৈয়বকে রক্ষা করতে গেলে শুভ্রত সরকার সজিবকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত সজীবের ফুফু রাজিয়া বেগম জানান, তাদের সামনেই ঘাতক শুভ্রত কলেজছাত্র সজীবের বুকে ছুরি দিয়ে আঘাত করে। 

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, জমি নিয়ে রাজ্জাক কারিগরের সঙ্গে একই গ্রামের পরিমল সরকার ও সকানাথ সরকারের বিরোধ চলছে। এরই জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে মূল ঘাতক শুভ্রত সরকারসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে। 

বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রকিব আহমেদ ও সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আনোয়ার সাঈদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রকিব আহমেদ জানান, সজীব হত্যায় জড়িত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনা যাতে কেউ ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেজন্য তিনি সবাইকে সচেতন থাকতে পরামর্শ দেন।

আরও পড়ুন

×