মেহেরপুরে বিএসএফের ফেরত পাঠানো ৮ বাংলাদেশি আটক
ছবি: সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪৫
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার রাতে তাদের ফেরত ফাঠানো হয়। এরপর আনন্দবাস গ্রামে তাদের ঘোরফেরা করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। রোববার দুপুরে মুজিবনগর থানা পুলিশ ওই ৮ বাংলাদেশিকে আটক করে।
তারা হলেন- মাদারীপুরের সালাম ব্যাপারির ছেলে রবিউল ব্যাপারি (২০), রিটন হালদারের ছেলে সাকিল হালদার(২০), রহিম মুন্সির ছেলে সিরাজুর মুন্সি (২০), যশোরের মালেক সরদারের ছেলে আজিজুল সরদার (২৩), পান্নুর ছেলে সুমন (২০), শ্রী জয় কুমার দাশের ছেলে শিমুল কুমার দাস (৩০), সাতক্ষীরার মৃত শাহাদত সরদারের ছেলে রিপন সরদার (২০) ও পিরোজপুরের রতন মোল্লার ছেলে মানিক মোল্লা (২১)।
মুজিবনগর থানার ওসি আবুল হাসেম জানান, শনিবার রাতের কোনো এক সময় ভারতের পাথরঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা কাঁটাতারের বেড়ার গেট দিয়ে ৮ বাংলাদেশিকে পুশব্যাক করে। পরে তারা মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে চলে যায়। সকালে তাদের দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা জানায়, বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিল তারা। পরে বিভিন্ন মেয়াদে জেল খাটা শেষে শনিবার রাতে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত দিয়ে পুশব্যাক করে।
