ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

প্রতিবন্ধীকে ধর্ষণের শাস্তি জুতাপেটা!

প্রতিবন্ধীকে ধর্ষণের শাস্তি জুতাপেটা!
×

প্রতীকী ছবি

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৯:২৩

পিরোজপুরের মঠবাড়িয়ায় নাসির উদ্দিন নামের এক ব্যক্তির বিরুদ্ধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত নাসির উদ্দিন উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের চৌকিদার আ. খালেক মিয়ার ছেলে।

প্রতিবন্ধী ওই নারী জানান, তিনি চার-পাঁচ মাস আগে একদিন বিকেলে স্থানীয় একটি বাজারে যান। বাড়ি ফিরতে রাত হলে নাসির তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে তার বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। দ্বিতীয় দফায় ২০-২২ দিন আগে ওই বাজারে গেলে একইভাবে ধানক্ষেতে ফেলে ধর্ষণ করে নাসির। এ সময় পথচারীরা দেখতে পেয়ে নাসিরকে জুতাপেটা করে ছেড়ে দেয়।

এতদিনেও কেন মামলা হলো না- এ বিষয়ে জানতে চাইলে ওই নারীর বাবা জানান, চৌকিদারের ছেলের বিরুদ্ধে মামলা দিলে তাদের সঙ্গে টেকা যাবে না। তাই তারা সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়েছেন।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, খালেক চৌকিদারের ছেলের বিরুদ্ধে কথা বলার কারও সাহস নেই। চৌকিদার যে কোনো ঝামেলায় যে কাউকে জড়িয়ে দিতে পারে।

অভিযুক্ত নাসির জুতাপেটার কথা স্বীকার করে বলে, আমি একজনের কাছে টাকা পাব। ওই টাকা চাইতে গেলে দু'জন লোক আমাকে টেনে ধানক্ষেতে ওই নারীর কাছে নিয়ে যায়। এটা তাদের ষড়যন্ত্র। লোক দুটি কারা জানতে চাইলে তাদের নাম বলতে পারেননি তিনি।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×