ধামরাইয়ে ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০১৯ | ০৯:৫৮
ঢাকার ধামরাইয়ের সাবেক ইউপি সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে ধামরাইয়ের ভাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আক্রান্তরা হলেন চৌহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আবু বক্কর সিদ্দিকী ও তার স্ত্রী ঝরনা বেগম। গুরুতর আহত অবস্থায় তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রোববার ধামরাই থানায় মামলা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গত ১৬ ডিসেম্বর সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকীর ছেলে দশম শ্রেণির ছাত্র জিসান বাড়ির পাশে কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে। স্থানীয় সন্ত্রাসী রিপনের ছেলে সেটি ভেঙে ফেলে। এ বিষয়ে বিচার চাইলে রিপন ও তার সহযোগী পলাশ, জুয়েল, ডিপজল সাবেক ইউপি সদস্য আবু বক্করকে হত্যার হুমকি দেয়। শনিবার রাতে রিপন, পলাশ, জুয়েল, ডিপজলসহ ছয়-সাতজন আবু বক্করের ঘরের দরজায় আঘাত করে। এ সময় আবু বক্কর দরজা খুললে তারা এলোপাতাড়িভাবে মাথায় কুপিয়ে তাকে জখম করে। একপর্যায়ে তার স্ত্রী ঝরনা বেগম এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয় এবং তাদের ছেলে জিসানকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালায় সন্ত্রাসীরা। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
আবু বক্কর সিদ্দিকীর শ্যালক সুমন হোসেন ও চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল কাসেম বলেন, হামলাকারীরা এলাকায় চুরিসহ নানা সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। এ ব্যাপারে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে।
- বিষয় :
- ধামরাই
