এনআরসি ও ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ -সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৭:৪০
ভারতে চলমান এনআরসি ও সিএএর এর প্রতিবাদে রাজশাহীতে মানবন্ধন করেছে ছাত্র ফেডারেশন। মঙ্গলবার দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী শাখার আয়োজন মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলারও তীব্র প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিজেপি সরকারের সাম্প্রদায়িক এনআরসি ও সিএএ পুরো দক্ষিণ এশিয়া জুড়ে যে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয় হতে পারে না। এটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
মানববন্ধনে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ‘সন্ত্রাসী’ হামলার বিরুদ্ধে ছাত্র সমাজের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভারতে এনআরসি বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।
ছাত্র ফেডারেশন রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জিন্নাত আরার সঞ্চালনায় বক্তব্য দেন ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মহাব্বত হোসেন মিলন, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম প্রমুখ। এতে সংহতি প্রকাশ করে রাকসু আন্দোলন মঞ্চ, নদী ও পরিবেশ আন্দোলন।
- বিষয় :
- রাজশাহী
- ছাত্র ফেডারেশন
- মানবন্ধন
