ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

দখলদার উচ্ছেদে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা: নদী কমিশন চেয়ারম্যান

দখলদার উচ্ছেদে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা: নদী কমিশন চেয়ারম্যান
×

জেলা নদী রক্ষা কমিটির সভায় বক্তব্য রাখেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার- সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৩৫

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, শিগগিরই নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। দখলদাররা যতই ক্ষমতাবান হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। 

মঙ্গলবার বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, কীর্তনখোলা নদীতে নাব্য ফিরিয়ে আনতে হবে। এ নদীর দুই তীর ভাঙছে এবং বিভিন্ন স্থানে চর পড়ছে। কীর্তনখোলার এমন দুরবস্থা দেখতে চাই না। সিএস ম্যাপ-পর্চা অনুযায়ী যে পর্যন্ত নদীর জমি আছে, তা রক্ষা করতে চাই। আগামী এক মাসের মধ্যে সিএস পর্চা অনুযায়ী নদীর জমি নদীকে ফিরিয়ে দিতে হবে।

বরিশাল নদীবন্দর এলাকায় শিগগিরই অবৈধ স্থাপনা উচ্ছেদে জেলা প্রশাসককে নির্দেশ দিয়ে তিনি বলেন, চরের জমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দেওয়া যাবে না। প্রয়োজনে চরে বনায়ন করতে হবে। নদী-খাল-জলাধার রক্ষা করে উন্নয়ন করতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে ড্রেজিং করে নদীর পলি ফের নদীতে ফেলার অভিযোগ পাওয়া যাচ্ছে। এটা ফৌজদারি অপরাধ। জেলা প্রশাসকদের নেতৃত্বে সব জেলায় বিষয়টি নজরদারি করতে বলা হয়েছে।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রধান ও জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

আরও পড়ুন

×