‘বরিশালে সংগীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না’
প্রধান অতিথির বক্তব্যে মেয়র সাদিক- সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৮:৪৩
বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তান। বরিশালে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষদের নিয়ে শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয়ের জমি বেদখল হতে দেব না।
সোমবার রাতে অমর একুশের গানের সুরকার, বরিশালের কৃতী সন্তান মুক্তিযোদ্ধা শহীদ আলতাফ মাহমুদের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মেয়র।
তিনি আরও বলেন, একটি মহল সরকারকে বিব্রত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে। কারণ, তারা এ সরকারের উন্নয়ন সহ্য করতে পারছে না। ওই অপচেষ্টার ধারাবাহিকতায় বাঙালি জাতির গর্ব শহীদ আলতাফ মাহমুদের নামে প্রতিষ্ঠিত সংগীত বিদ্যালয়ের জমিও নিজেদের করতে চাইছে, তা সফল হতে দেওয়া হবে না।
নগরীর হাসপাতাল সড়কের শহীদ আলতাফ মাহমুদ সংগীত বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সরকারি বি এম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইমানুল হাকিম, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, সাইফুর রহমান মিরন প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়।
