রায়পুরে স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ, অভিযুক্ত দু'জনকে ছেড়ে দিল পুলিশ
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:০২
লক্ষ্মীপুরের রায়পুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগ উঠেছে একই এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য মেহেদী ও স্বপনের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় রায়পুর উপজেলার দক্ষিণ চর বংশী ইউনিয়নের চর কাচিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন অ্যাসিডের বোতলসহ মেহেদী ও শামিমকে আটক করে পুলিশে দেয়। পুলিশ দু'জনকে আটকের চার ঘণ্টা পর মীমাংসার আশ্বাসে রাতেই ছেড়ে দেয়।
স্থানীয়রা জানান, ওই ছাত্রীকে মেহেদী ও শামিম অ্যাসিড নিক্ষেপ করে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন তাদের আটক করে। পরে তাদের স্থানীয় পুলিশ ফাঁড়ি হাজিমারায় হস্তান্তর করা হয়। তবে পুলিশ কয়েকজন মাদবরের মীমাংসার আশ্বাসে কোনো মামলা না নিয়ে ছেড়ে দেয়।
হাজিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, খেলতে গিয়ে দুই কিশোর মেহেদী ও শামিম একটি বোতল দেখতে পায়। তারা সেটি ছাত্রীকে ছুড়ে মারে। এ সময় তার গায়ের কিছু অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত স্কুলছাত্রীর মা-বাবা মামলা না করায় চার ঘণ্টা আটকের পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে রফাদফার বিষয়টি সঠিক নয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন জানান, অ্যাসিডের ঘটনায় এক স্কুলছাত্রীকে ভর্তি করা হয়েছে। তার হাত ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। চিকিৎসা চলছে। পুরোপুরি ভালো হতে সময় লাগবে।
- বিষয় :
- স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপ
- রায়পুর
