১৬১২৩ নম্বরে কল করে পরামর্শ পাবেন কৃষক
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৩ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ | ০৯:০৫
১৬১২৩' নম্বরে কল করে কৃষক পাবেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদের বিষয়ে যাবতীয় পরামর্শ। কৃষি উন্নয়নে ই-কৃষি প্রান্তিক চাষিদের সার্বক্ষণিক সহায়তা দেবে। উন্নত প্রযুক্তি, নতুন উদ্ভাবিত জাত কৃষকদের দোড়গোড়ায় সহজেই পৌঁছে যাবে। এতে কৃষকদের অর্থ, শ্রম ও সময় সাশ্রয় হবে। বাড়বে প্রযুক্তি জ্ঞান। প্রান্তিক কৃষকরা আধুনিক চাষাবাদ করে অধিক লাভবান হবেন।
মঙ্গলবার বরিশাল আঞ্চলিক কৃষি তথ্য সার্ভিস আয়োজিত 'কৃষি উন্নয়নে ই-কৃষি' শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
বরিশাল ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, প্রকল্প পরিচালক ড. সাইফুল ইসলাম, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম ইদ্রিস। সঞ্চালনা করেন কৃষি তথ্য সার্ভিস কর্মকর্তা নাহিদ বিন রফিক। কর্মশালায় কৃষকসহ সরকারি-বেসরকারি সংস্থার অর্ধশত প্রতিনিধি নেন।
বক্তারা বলেন, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে ই-কৃষি যুগান্তকারী ভূমিকা রাখবে। কল সেন্টারের মাধ্যমে কৃষকদের সেবা প্রদান কার্যক্রম শুরু হওয়ায় বাংলাদেশের কৃষিও এখন ডিজিটালাইজড।
বক্তারা আরও বলেন, প্রতি উপজেলায় কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ওই কেন্দ্রের মাধ্যমে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। যার মাধ্যমে ই-কৃষি সম্পর্কে কৃষকদের প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করা হচ্ছে। সামগ্রিক অর্থে কৃষকদের দাতা ও সমতা বাড়িয়ে আধুনিক কৃষি ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে টেকসই কৃষি উৎপাদন নিশ্চিত করাই ই-কৃষি সেবার প্রধান লক্ষ্য।
