ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

পাসপোর্ট অফিসের পিওনের কক্ষে মিলল ২ লাখ টাকা

পাসপোর্ট অফিসের পিওনের কক্ষে মিলল ২ লাখ টাকা
×

ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান -সংগৃহীত ছবি

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৯ | ১০:০৩

দালাল চক্রের তৎপরতা, জনগণের হয়রানি ও চুক্তিতে অতিরিক্ত অর্থ আদায় করে পাসপোর্ট প্রদানের অভিযোগে ঝালকাঠির আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। 

মঙ্গলবার বিশ্বরোড সড়কের ভাড়া বাসায় পরিচালিত পাসপোর্ট অফিসে এ অভিযান চালানো হয়। বরিশাল দুদকের উপপরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে দুদকের একটি টিম এ অভিযান চালায়।

এ সময় পাসপোর্ট অফিসের স্টোররুম থেকে ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা, ছয়টি পাসপোর্টের রশিদ, আবেদন ফরমসহ একটি পাসপোর্ট জব্দ করা হয়। জানা যায়, অফিসের এই রুমটি পিওন রফিকুল দীর্ঘদিন ধরে অবৈধ দখল করে রেখেছেন। এখানে পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের স্থানীয় একটি দালাল চক্রের সহায়তায় পিওন রফিকুল এই রুমে এনে চুক্তি করে টাকাপয়সা নিতেন। দুদকের অভিযান টের পেয়ে তিনি পালিয়ে যান।

পাসপোর্ট করতে আসা ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে ঝালকাঠির এই পাসপোর্ট অফিসে কর্মরত আনসার ও একজন টাইপিস্টের সহায়তায় একটি দালাল চক্র গড়ে তোলেন পিওন রফিকুল ইসলাম। চক্রটির সহায়তায় পাসপোর্ট ফরম না নেওয়া পর্যন্ত অফিস কর্তৃপক্ষ ভুলত্রুটি দেখিয়ে অযথা হয়রানি করে। কিন্তু এই চক্রের সঙ্গে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা চুক্তিতে ফরম নিয়ে জমা দিলে কোনো প্রকার ভুলত্রুটি না ধরে পুলিশ রিপোর্টের জন্য পাঠিয়ে দেওয়া হয়।

ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সহকারী পরিচালক ফাতেমা বেগম জানান, পিওন রফিকুল ইসলাম অফিসে এলেও হঠাৎ করে সে উধাও হয়ে মোবাইল ফোন বন্ধ রাখে। 

রফিকুল কীভাবে অফিসের রুম দখল করে এসব অবৈধ কার্যক্রম পরিচালনা করছে জানতে চাইলে সহকারী পরিচালক জানান, আমি এখানে কিছুদিন আগে যোগদান করেছি। তাই এ বিষয়ে কিছু বলতে পারব না। তবে তার জন্য এই রুম বরাদ্দ নয়।

বরিশাল দুদকের উপপারচালক দেবব্রত মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে এখানে দালাল চক্রের তৎপরতা, সাধারণ জনগণের হয়রানি ও চুক্তিতে অতিরিক্ত অর্থ আদায় করে পাসপোর্ট প্রদানের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এর সঙ্গে জড়িত পিওন রফিকুল ইসলামের ব্যবহূত অফিসের একটি রুম থেকে নগদ অর্থ, পাসপোর্ট, রশিদসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুদক বাদী হয়ে এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×